
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। বুধবার (২৫ নভেম্বর) নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশনায় ভুলতা ইউনিয়ন বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গোলচত্বরে আয়োজিত সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ভুলতা, গোলাকান্দাইল ও সাওঘাট এলাকা প্রদক্ষিণ করে ভুলতা স্কুল অ্যান্ড কলেজের ফটকে গিয়ে শেষ হয়।
ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভুঁইয়ার সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম ও আশরাফুল হক রিপন, ভুলতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জলিল, নাসিম ভুঁইয়া, সেলিম মিয়াসহ স্থানীয় নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। মানুষ হত্যার দায়ে শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে। এটি একটি মামলার রায় মাত্র। এ ধরনের আরও শত শত মামলা রয়েছে, যেগুলোর বিচারেও একই ধরনের রায় আসবে বলে তাঁরা মন্তব্য করেন। তাঁরা আরও বলেন, বাংলাদেশের মানুষ শেখ হাসিনার দেশে ফেরার অপেক্ষায় রয়েছে।
বক্তারা আরও বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোথাও সন্ত্রাসীদের পাওয়া গেলে তাদের ‘মেহমানদারি’ করে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ জন্য অতীতের মতো সবাইকে রাজপথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।
ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভুঁইয়া বলেন, সন্ত্রাসীদের কোনো পাসপোর্ট হয় না। শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে হ্যান্ডকাফ পরেই ফিরতে হবে।
এদিকে, বিএনপি নেতা সালাহউদ্দিন দেওয়ানের নেতৃত্বেও একই দিন দুপুরে পৃথক কর্মসূচি পালন করা হয়। এ সময় শত শত নেতাকর্মী শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।